বনবাংলোয় সবুজ বৃষ্টিতে
এই ফরেস্ট রেঞ্জ এত বিপুল সম্ভারে ধনী, যতবারই যাই না কেন সে নতুন নতুন রূপে ধরা দ্যায়। কয়েকটা বন্য শুয়োর ঘোঁত ঘোঁত তাদের পৃথুল শরীর নিয়ে হেলেদুলে চলে গেল। আর তারপরই সেই কাণ্ড, যা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলেই একমাত্র দেখেছি। জলদাপাড়া রেঞ্জের বিখ্যাত একশৃঙ্গ গণ্ডারের দল আচমকাই এসে হাজির সেই সল্টলিকে। দলে একটা মা গণ্ডার, সঙ্গে তার প্রায় সদ্যজাত সন্তান। এমন সময় আরেকটা গণ্ডার সেই মা গণ্ডারটাকে অতর্কিতে আক্রমণ করে বসল। ঠিক মানুষের সমাজের মতোই, বাকিরা সরে পড়ল যে যার মতন। এদিকে দুটো গণ্ডার ফুঁসে ফুঁসে উঠছে, কিছুটা পিছিয়ে গিয়ে আবার তেড়ে আসছে, খড়্গ দিয়ে গুঁতো মারছে প্রবল, দুজনেই ক্ষতবিক্ষত, সার্চলাইটের ঐ তীব্র আলোকেও তারা পরোয়া করছে না, একসময় মনে হল ওরা যে কোনও মুহূর্তে নদী পেরিয়ে ধেয়ে আসতে পারে আমাদের দিকেও। সবাই দমবন্ধ করে দেখছে, এমনকী বাচ্চাগুলোও দুষ্টুমি ভুলে সব স্ট্যাচু হয়ে গ্যাছে।



